
মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল আমিন শেখের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখল ও হয়রানির অভিযোগ তুলে তাঁর বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।
সমাবেশে উপস্থিত কয়েকজন বক্তা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আল আমিন শেখ এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। পরবর্তী সময়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে আরও নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ ওঠে। বক্তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপির বিরোধী মতের লোকজনসহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, লুটপাট, চাঁদাবাজি, ভাঙচুর ও মৎস্যঘের দখলের মতো ঘটনা ঘটানো হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি এনামুল হক প্রিন্সকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আল আমিন শেখ মিথ্যা সংবাদ প্রচার করেছেন। তাঁদের দাবি, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে এক নারী অভিযোগ করে বলেন, আল আমিন শেখ তাঁর স্বামীর ওপর হামলা চালিয়ে হাত ভেঙে দিয়েছেন এবং তাঁদের বাড়ি থেকে হাঁস-মুরগি নিয়ে গেছেন। এ ছাড়া তাঁর স্বামীর হাত কেটে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ওই নারী আরও বলেন, বর্তমানে তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন এবং এলাকায় দখল, লুটপাট ও চাঁদাবাজির অবসান চান।
এদিকে, সমাবেশে বক্তব্য দেওয়া এক ব্যবসায়ী অভিযোগ করেন, আল আমিন শেখের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব থাকলেও তাঁর পাওনা টাকা পরিশোধ করা হয়নি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।
সমাবেশ থেকে বক্তারা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের পাশাপাশি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের দাবি, আল আমিন শেখকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা কঠিন হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আল আমিন শেখের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।