
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা মো. রবিউল ইসলাম পলাশের (৪৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তাঁর মাথা ফেটে গেছে এবং একটি হাত ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা টেলিফোন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম পলাশ পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে।
তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপাশা মার্কাস মসজিদের দিকে যাচ্ছিলেন পলাশ। পথে লক্ষ্মীপাশা টেলিফোন অফিসের সামনে পৌঁছালে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাঁকে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় গুরুতর আঘাত এবং হাত ভেঙে যাওয়ার বিষয়টি জানা যায়। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির ওই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।