
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিপ্রাপ্ত ২১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা এবং কিশোরীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নড়াইলের উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, বিএম লিয়াকত হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহাদ এবং শিক্ষক তসলিমুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ছয়জন, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১০ জন এবং এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে কিশোরী সংঘের সদস্যদের মধ্যে স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে মতবিনিময় করা হয়।