
রবিউল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছিল একটি ডায়াবেটিস সেন্টারের ভবন। তবে নির্মাণের প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো উদ্বোধন হয়নি প্রতিষ্ঠানটির। চালু হয়নি চিকিৎসাসেবা কার্যক্রমও। ফলে নিজ এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে তা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার অসংখ্য ডায়াবেটিস রোগী।
উপজেলার মীরগঞ্জ ভূমি অফিস-সংলগ্ন এলাকায় অবস্থিত ভবনটি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রত্যাশা রয়েছে। স্থানীয়দের ধারণা, ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে ভবনটি নির্মাণ করা হয়েছিল। তবে ভবনে কোনো ভিত্তিফলক না থাকায় নির্মাণের সঠিক সাল ও তারিখ নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের পর থেকে কখনোই এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। শুরু হয়নি কোনো চিকিৎসাসেবা কার্যক্রম। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ভবনটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। অথচ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের জন্য বাঘা থেকে জেলা শহরসহ দূরবর্তী চিকিৎসাকেন্দ্রে যেতে হচ্ছে।
এ অবস্থায় ভবনটি নির্মাণের প্রকল্প অনুমোদন, অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অর্থায়নে নির্মিত হয়ে থাকলে প্রকল্পের বরাদ্দ, দরপত্র বিজ্ঞপ্তি, কার্যাদেশ, ঠিকাদার নিয়োগ, নির্মাণ ব্যয় এবং কাজ সম্পন্ন হওয়ার নথিপত্র কোথায়—তা জানতে চান স্থানীয়রা। কোন দপ্তর বা সংস্থার মাধ্যমে ভবনটি নির্মাণ করা হয়েছিল, সেটিও এখনো স্পষ্ট নয়।
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল বলেন, এত বছর পেরিয়ে গেলেও সরকারি অর্থায়নে নির্মিত ভবনটি নিষ্ক্রিয় পড়ে রয়েছে। অদৃশ্য কারণে ডায়াবেটিস সেন্টারটি চালু করা হয়নি। এটি চালু হলে অনেক অসহায় মানুষ সহজেই চিকিৎসাসেবা পেতেন। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেন্টারটি চালুর জোর দাবি জানাচ্ছি।
এদিকে ভবনটির নির্মাণপ্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র ও রেকর্ডসংক্রান্ত জটিলতার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত কুমার সরকার কোনো বক্তব্য দিতে রাজি হননি।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সল তালুকদার বলেন, মীরগঞ্জ ভূমি অফিসের পাশে একটি পরিত্যক্ত ভবন রয়েছে। স্থানীয়ভাবে জানতে পেরেছি, ভবনটি ডায়াবেটিস সেন্টারের জন্য নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গেও কথা হয়েছে। বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি হওয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা জরাজীর্ণ ভবনটি যথাযথ তদন্তের মাধ্যমে সংস্কার করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করে দ্রুত ডায়াবেটিস সেন্টারটি চালু করতে হবে। এতে বাঘা উপজেলার রোগীরা নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
প্রায় দুই দশক ধরে দাঁড়িয়ে থাকা একটি ভবন মানুষের চিকিৎসাসেবায় কাজে লাগবে, নাকি অব্যবহৃত অবস্থাতেই পড়ে থাকবে—এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাঘার স্থানীয় মানুষের মধ্যে।