
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২০ নভেম্বর) নিহত দুই নেতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে তাঁদের কবর জিয়ারত করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তিনি বলেন, বিদেশে পালিয়ে থেকেও তাদের রক্তের তৃষ্ণা কমেনি। তারা এখনো এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।
রিজভী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় জাসাস নেতা সোহেল মোল্লাকে হত্যার ঘটনায় তিনি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে উদ্দীপনা ও গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা মেনে নিতে না পেরে ফ্যাসিবাদের দোসররা দেশজুড়ে হত্যাকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার এ ধরনের হত্যাকাণ্ড ও নাশকতা প্রতিরোধে কঠোর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে নিহত সোহেল মোল্লার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁরা নিহত দুই নেতার কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামসহ নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় নেতাদের আগমন ও কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই কর্মসূচিস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। বৈরী আবহাওয়া ও থেমে থেমে ভারী বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ সেখানে উপস্থিত হন। স্বজন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দুই প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে কর্মসূচিস্থল এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহিনুর ইসলাম ও সোহেল রানার মরদেহ কালিয়ায় আনা হয়। পরে মাগরিবের নামাজের পর উপজেলা মডেল মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দুজনকে দাফন করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে নিহত ব্যক্তিরা মোটরসাইকেল শোডাউন করছিলেন। এ সময় নিষিদ্ধ সংগঠনটির কয়েকজনের হামলার শিকার হন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।