

সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। উদ্ধার করা হেরোইনের পরিমাণ ৮ কেজি ৩০৯ গ্রাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর হাটপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের বসতবাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি লেখা সংবলিত দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৫।
গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের মামলা রয়েছে। অন্যদিকে, আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানায় জাল টাকার মামলা রয়েছে।
অপরদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকার নওদাপাড়ায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ভাইবোন ময়না বেগম ও শাহাদত হোসেনকে আটক করা হয়। তাঁদের ভাড়া বাসা থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। এর আগেও তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদক মামলা হয়েছিল।
এসআরবি-৫ আরও জানায়, গত ছয় মাসে তাদের অভিযানে ১৭টি আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল এবং প্রায় ৪০ কেজি হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
আপনার মতামত লিখুন :