রাণীশংকৈলে বিচারাধীন জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-২৫, ১:২১ PM / ০ Views
রাণীশংকৈলে বিচারাধীন জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মোঃ মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আদালতে বিচারাধীন পৈতৃক জমি জোরপূর্বক দখল ও পাকা স্থাপনা নির্মাণের চেষ্টার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আঃ মজিদ নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর মাঝাটলা গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আঃ মজিদ দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন। গোগর মৌজার ৯৬ নম্বর জেএলভুক্ত এসএ ১৫১ ও সিএস ১৪০ খতিয়ানের ৪২৬০ ও ৪৩৬৬ নম্বর দাগের মোট ৩৪ শতক জমি নিয়ে ২০২২ সাল থেকে ঠাকুরগাঁও সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে একই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে হামিদুর রহমান ও তাঁর ছেলে সাদেকুল ইসলাম ওই জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। এ সময় আঃ মজিদ বাধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জমি নিয়ে বাড়াবাড়ি করলে মারধর, খুন-জখম, হাত-পা ভেঙে পঙ্গু করা, মিথ্যা মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে এ ঘটনায় আঃ মজিদ রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় বাসিন্দা নুর জাহান ও মুসারুল ইসলাম জানান, জমিটি নিয়ে সাদেকুল ইসলাম ও আঃ মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। এখনো আদালতের চূড়ান্ত রায় হয়নি। এর মধ্যেই মঙ্গলবার সাদেকুল ইসলাম ওই জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন বলে তাঁরা জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত সাদেকুল ইসলামের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি।

অভিযোগের বিষয়ে রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) খোকা মুঠোফোনে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কথা বলতে হলে থানায় আসতে হবে বলে তিনি জানান।