নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল প্রেসক্লাব ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেসক্লাব ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে সাংবাদিকসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সাংবাদিকদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ভবনের হলরুমে সাধারণ সভা চলছিল। সভা চলাকালে হঠাৎ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেসক্লাব ভবন লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় সভায় উপস্থিত সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। একই সঙ্গে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উত্তেজনা।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে কে বা কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে এখনো কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।