দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৩, ২:৫৪ PM /
দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

মোঃ সজিব সরদার | দুমকী (পটুয়াখালী)

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। এতে পরিবার পরিকল্পনা-সংক্রান্ত জরুরি জনসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, নিরাপদ প্রসব, নবজাতক সেবা, প্রজনন স্বাস্থ্য ও টিকাদানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও স্থায়ী ও স্বীকৃত নিয়োগবিধি এখনো প্রণয়ন করা হয়নি। এতে তারা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছেন।

তারা আরও জানান, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি মাঠপর্যায়ের কর্মীদের ন্যায্য দাবি। এটি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১১ ডিসেম্বরের পর বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে সরকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তার।