

মোঃ আকাশ উজ্জামান শেখ | রামপাল, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ১৬ দিনের একটি সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ০৩ ডিসেম্বর (বুধবার) উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা গ্রামে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং সমাজ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের (এপি রামপাল) প্রোগ্রাম অফিসার উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে রামপালসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ১৬ দিনের এই ক্যাম্পেইন সেই উদ্যোগের ধারাবাহিক অংশ।
তিনি উপস্থিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সর্বদা বন্ধুসুলভ আচরণ করতে হবে, কখনোই হেয় করে কথা বলা যাবে না এবং যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সমাজের সবাইকে সচেতন থাকতে হবে। তারা সমাজের বোঝা নয়—এটা সকলের মনে রাখা উচিত।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ রামপালসহ আশপাশের এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে এবং সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :