

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
মাত্র দশ দিনের ছুটি কাটিয়ে কক্সবাজারের রামু সেনানিবাসে ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনা সার্জেন্ট মামুনুর রশিদ (৩৬)। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বড়াইগ্রামের বাহিমালী এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুনুর রশিদ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না গ্রামের আব্দুল মজিদের ছেলে। ছুটিতে বাড়িতে থাকা স্ত্রী খুশি খাতুন, সাত বছরের ছেলে হামিম আহমেদ এবং বাবা-মায়ের সঙ্গে সময় কাটিয়ে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, কক্সবাজারগামী বাস ধরার উদ্দেশ্যে তিনি ইজিবাইকে বনপাড়ার দিকে রওনা হন। বাহিমালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের বডি ইজিবাইকের সাথে লেগে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, সেনা সার্জেন্টের মৃত্যুর খবর রামু সেনানিবাসে জানানো হয়েছে এবং সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ কাদিরাবাদ সেনানিবাসে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী পরিবারের কাছে মরদেহ পৌঁছে দেওয়া হবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে থানায় মামলা রুজু হয়েছে এবং ঘাতক ট্রাক সনাক্তে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :