ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-১৩, ১১:০০ AM / ১৫
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

মোঃ রুবেল মিয়া, কুড়িগ্রাম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির এবং জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। ভিন্নমত দমনে পরিকল্পিত হামলার মাধ্যমে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।