চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিজয় দিবস উদযাপন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-১৬, ৮:৩৪ PM / ৩০
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিজয় দিবস উদযাপন

সৈয়দ মাহামুদ শাওন | রাজশাহী

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ওমর ফারুকের নেতৃত্বে সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠানে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপ অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অধিকার করে।

দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মো. ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সেলিম আহমদসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হয়েছে।