

আশিকুর রহমান সবুজ | গাজীপুর জেলা
গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় একটি বালিকা মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ ওঠে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। শনিবার দুপুরে বড় দেওড়া এলাকার ‘তা’লীমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা’য় এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মোছাঃ সোহানা আক্তার (১১)। সে ময়মনসিংহের ফুলপুর থানার বাসিন্দা মোঃ মানিক মিয়ার মেয়ে। সোহানা পরিবারের সঙ্গে চেরাগআলী কাঁঠালদিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাঠদান চলাকালীন সহকারী শিক্ষিকা জাকারিয়া তুচ্ছ ঘটনায় সোহানাকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেন। বর্তমানে পরিবার টঙ্গী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ঘটনার বিষয়ে তালিমুল সুন্নাহ বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষিকা মোছাঃ মরিয়ম আক্তার আংশিক দায় স্বীকার করে জানান, পড়া না পারার কারণে সহকারী শিক্ষিকা শাসন করতে গিয়ে অসাবধানতাবশত শিশুটির ঠোঁটে আঘাত লাগে।
এ বিষয়ে মাদ্রাসার সভাপতি আবুল হাসেম বলেন, শিশুদের ওপর নির্যাতনের ঘটনা প্রমাণিত হলে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :