ভুলের সুযোগ নেই, ইসলাম বিজয়ী হবেই: আকরাম


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০২, ৩:৫২ PM /
ভুলের সুযোগ নেই, ইসলাম বিজয়ী হবেই: আকরাম

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ আর ভুল করবে না। যতই লোভ কিংবা প্ররোচনা দেখানো হোক না কেন, খোদাভীরু ও নবীর উম্মতরা কখনোই অন্যায়ের পথে যাবে না।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া মৃধাপাড়ার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে ভাওয়াল ইউনিয়ন ১০ দলীয় জোট।

আল্লামা শাহ আকরাম আলী বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রব্বুল আলামীন আমাদের সাহায্য করবেন। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অল্প সংখ্যক মুসলমানও অধিক সংখ্যকের ওপর বিজয়ী হয়েছে। এ দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ—আমরা সংখ্যায় অল্প নই।

তিনি আরও বলেন, নবীজি (সা.)-এর আদর্শ অনুযায়ী একজন মুসলমানের ইজ্জত যেমন গুরুত্বপূর্ণ, একজন হিন্দুর ইজ্জতও তেমন গুরুত্বপূর্ণ। মুসলমানের রক্তের যেমন মূল্য, হিন্দুর রক্তেরও তেমন মূল্য। জান-মালের নিরাপত্তা সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে। একজন আলেম সংসদে গেলে নবীর আদর্শ মেনেই চলবেন।

সমাবেশে নেতাকর্মীরা হকের পথে বিজয় ও রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে প্রচারণা চালানো হয়। এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের (হাতপাখা) শতাধিক নেতাকর্মী খেলাফত মজলিশে (রিকশা) যোগদান করেন।

ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আ. সালামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিশের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিশের যুগ্ম সম্পাদক মাওলানা জিনাতুল ইসলাম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজিব আল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১০ দলীয় জোটের আহ্বায়ক মাওলানা নেছারদ্দিন।