বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৫, ৬:১৩ PM /
বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) :: গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পোশাক কারখানায় ১৯ জন শ্রমিককে বকেয়া বেতন না দিয়ে জোরপূর্বক চাকরিচ্যুত করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে পদত্যাগপত্রে টিপসই নেওয়া হয়েছে এবং যারা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় অবস্থিত “সি. স্টেজ (বিডি) লিমিটেড” নামক পোশাক কারখানায়। ভুক্তভোগীদের দাবি, কারখানার কর্মকর্তারা ৩ মাস ১৩ দিনের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই তাদের জোর করে চাকরি ছাড়তে বাধ্য করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী সুইং সুপারভাইজার মো: মোস্তফা কামাল বাদী হয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি বিকেলে কারখানার ডিজিএম মো: রাজ্জাক লিটন এবং অ্যাডমিন ম্যানেজার মো: মামুন মিয়া ১৯ জন শ্রমিককে ডেকে নিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলেন। শ্রমিকরা এ সময় তাদের দীর্ঘদিনের বকেয়া বেতন ও পাওনা দাবি করলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখিয়ে ১৫ জন শ্রমিকের কাছ থেকে পদত্যাগপত্রে টিপসই আদায় করে নেয়। তবে মোস্তফা কামালসহ ৪ জন শ্রমিক স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেওয়া হয়। পরে তাদের জোরপূর্বক কারখানা থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত কারখানার অ্যাডমিন ম্যানেজার মো: মামুন মিয়া বলেন, “বর্তমানে ফ্যাক্টরিতে কাজ না থাকার কারণে আপাতত তাদের ছাঁটাই করা হয়েছে। তবে আইন অনুযায়ী আগামী ১০ থেকে ১৫ তারিখের মধ্যে তাদের সকল পাওনা পরিশোধ করা হবে। কাজ বাড়লে পরবর্তীতে তাদের পুনরায় ডেকে চাকরিতে যোগদান করানো হবে।”

অন্যদিকে শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। শ্রমিকদের পাওনা আদায় এবং হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।