ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্রদের প্রচারণা তুঙ্গে


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৭, ১০:০৮ AM /
ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্রদের প্রচারণা তুঙ্গে

 নবীন মাহমুদ, ঝালকাঠি (রাজাপুর-কাঁঠালিয়া)–
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে প্রতিদিনই বাড়ছে নির্বাচনী উত্তাপ। জানা গেছে, এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রচারণায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যারা বড় বড় দলের হেভিওয়েট প্রার্থীদেরও চিন্তায় ফেলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত মেজর মোঃ সাব্বির আহমদ ‘মোরগ’ প্রতীক নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন এবং জনতার দলের ‘কলম’ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তালুকদার নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

প্রার্থীরা সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। ভোটারদের কাছ থেকে এলাকার সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা শুনছেন তারা। একইসঙ্গে নির্বাচনী ইশতেহার ও নিজ নিজ প্রতীকের লিফলেট বিতরণ করছেন।

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “সাধারণ মানুষের ভালোবাসা আমাকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী করেছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে এলাকার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। রাজাপুর-কাঁঠালিয়া নদীভাঙন এলাকা হওয়ায় উন্নয়ন ব্যাহত হচ্ছে, নির্বাচিত হলে সর্বপ্রথম ভাঙন রোধে কাজ করব।”

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর সাব্বির আহমদ বলেন, “আমি বদলে যাওয়া রাজনীতির কথা বলছি। মানুষ আমাকে সাদরে গ্রহণ করছে। তরুণ ভোটাররা ‘হ্যাঁ’ ভোট দিয়ে আমাকে জয়ী করবে বলে আশা করি।”

জনতার দলের প্রার্থী জসিম উদ্দিন তালুকদার জানান, “আমি একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছি। এবার আমি এই আসনের সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞ প্রার্থী। রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ ভালো নেতৃত্ব চায়, তাই তারা আমাকে ভোট দেবে।”

গণঅধিকার পরিষদের তরুণ প্রার্থী শাহাদাৎ হোসেন বলেন, “আমার মার্কা ট্রাক সকল শ্রেণি-পেশার মানুষের পছন্দের প্রতীক। আগামী ১২ তারিখ ট্রাক মার্কা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।”

এদিকে সাধারণ ভোটারদের সঙ্গেও কথা বলেছে সংবাদকর্মীরা। তরুণ ভোটার ইমরান বলেন, “আমি প্রথমবার ভোট দেব। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়ী করতে চাই।” ভ্যানচালক মিজান বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও সৎ মানুষ আছে। ভালো নেতা চাইলে তাদের মধ্য থেকেই বেছে নেওয়া উচিত।” নারী ভোটার সাদিয়া বলেন, “আমি প্রথমবার ভোট দেব। সুন্দর ও সুষ্ঠু নির্বাচন চাই, রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব আসুক।”

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। এর মধ্যে প্রায় অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী ভোটার বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।