ইসলামের নামে দুর্নীতির অভিযোগ চরমোনাই পীরের


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৯, ১:১০ PM /
ইসলামের নামে দুর্নীতির অভিযোগ চরমোনাই পীরের

এম ফাহিম, চরফ্যাসন, ভোলা–

ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম অভিযোগ করে বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে একটি রাজনৈতিক দল অতীতে দুর্নীতির অংশীদার হয়েছিল এবং সেই দায় তারা কোনোভাবেই এড়াতে পারবে না। তিনি বলেন, যখন বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ওই দুর্নীতিবাজদের সঙ্গে ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি জোটভুক্ত দলও যুক্ত ছিল।

রোববার বিকেলে চরফ্যাসন সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাসন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স তৈরি হলে এ দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। মানুষ দিন গুণেছিল একটি ন্যায়ভিত্তিক ইসলামী শাসনব্যবস্থা দেখার আশায়। কিন্তু সেই সময়েই ইসলামের নাম ব্যবহার করা একটি দল গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে ভিন্ন স্বপ্ন বাস্তবায়নে ব্যস্ত ছিল বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “আমরা আমেরিকা কিংবা ভারতের ইনসাফ চাই না। আমরা চাই মদিনার ইনসাফ, ইসলামের ইনসাফ।” তার বক্তব্যে প্রচলিত আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে তিনি বলেন, ইসলাম মানেই শরিয়া। হজ, রোজা ও নামাজ আদায়—সবই শরিয়ার অংশ। যারা বলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তারা বাহ্যিকভাবে সুন্দর হলেও ভেতরে ‘মাকাল ফলের’ মতো।

জনসভায় সভাপতিত্ব করেন ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন। আরও বক্তব্য রাখেন ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরওয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-প্রচার সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ।