

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অভিযোগ করে বলেছেন, তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো ভূমিকা ছিল না; বরং তারা মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর দাসত্ব করেছিল। তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে তাদের অবস্থান ছিল জাতির বিপক্ষে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চরফ্যাসন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, “একাত্তরে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছে, তখন একদিকে ছিল দাসত্বের শৃঙ্খল, আরেকদিকে ছিল মুক্তির সংগ্রাম। আমাদের প্রতিদ্বন্দ্বী দল সেদিন দাসত্বের শৃঙ্খলকেই বেছে নিয়েছিল।” তিনি আরও অভিযোগ করেন, ওই সময় তারা মা-বোনদের পাকবাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য দখলদার বাহিনীর কাছে সোপর্দ করেছিল।
তিনি বলেন, “এই ইতিহাস দেশের মানুষ ভুলে যায়নি। যারা একাত্তরে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা আজও একই চরিত্রে রাজনীতি করছে।” গত ১৬ বছরে তারা ফ্যাসিবাদের সঙ্গে একাকার হয়ে রাজনীতি করেছে বলেও অভিযোগ করেন তিনি। নয়নের ভাষায়, একদিকে ছিল ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার অপচেষ্টা, অন্যদিকে ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা—যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি দাবি করেন, তাদের প্রতিদ্বন্দ্বী দল কখনোই গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়নি; বরং সবসময় ফ্যাসিবাদী শক্তির পক্ষেই ভূমিকা রেখেছে। এজন্য আসন্ন নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চরফ্যাসনের উন্নয়ন প্রসঙ্গে নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমানকে ইতোমধ্যে চরফ্যাসনের দীর্ঘদিনের সমস্যাগুলো জানানো হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে চরফ্যাসনে একটি মেডিকেল কলেজ স্থাপন, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোলা–বরিশাল সেতু নির্মাণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী লেলিনসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :