ঘোড়াঘাটে ট্রাক-ভ্যান সংঘর্ষে প্রাণহানি


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৯, ১:৩১ PM /
ঘোড়াঘাটে ট্রাক-ভ্যান সংঘর্ষে প্রাণহানি

ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট, দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে দ্রুতগতির কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুরগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আল-আমিন (৪০)। তিনি সৈয়দপুরের ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। আহত ভ্যানচালক আমিনুল ইসলাম (৪২) বর্তমানে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে দিনাজপুরগামী লেনের পাশে একটি মালবোঝাই ট্রাক দাঁড় করিয়ে নষ্ট চাকা মেরামতের কাজ করছিলেন ট্রাকচালক ও তাঁর সহকারী। এ সময় পেছন দিক থেকে আসা একটি কার্ভাড ভ্যান অতিরিক্ত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভয়াবহ সংঘর্ষ ঘটে এবং ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

সংঘর্ষের পর ভ্যানচালক ও তাঁর সহকারী ভ্যানের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহত দু’জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত চালক আমিনুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কার্ভাড ভ্যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।