

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের আভাস মিলেছে। একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলটির অনুপস্থিতিতে তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি। তবে এই ক্লিন সুইপ জয়ের আড়ালে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভাবনীয় উত্থান।
স্থানীয় ভোটারদের মতে, এবারের নির্বাচন ছিল মূলত আদর্শিক প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল বিরোধী রাজনৈতিক শক্তির ভেতরেই। আগে যেখানে লড়াই হতো নৌকা ও ধানের শীষের মধ্যে, এবার তা হয়েছে মূলত ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে। রাণীশংকৈল উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের শূন্যতায় যে ভোটব্যাংক তৈরি হয়েছে, তার একটি বড় অংশ জামায়াতের দিকে গেছে। বিশেষ করে ঠাকুরগাঁও-২ ও ৩ আসনে তাদের শক্ত অবস্থান ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।
জামায়াতে ইসলামীর স্থানীয় সেক্রেটারি রজব আলী দাবি করেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে তৃণমূল পর্যায়ে সংগঠিত কাজ ও জনসম্পৃক্ততা বাড়ানোর ফলেই তারা এ সাফল্য পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তরুণ ভোটারদের একটি বড় অংশ তাদের প্রতি আকৃষ্ট হয়েছে।
রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, ৫ আগস্টের পর কিছু এলাকায় বিএনপির স্থানীয় নেতাদের আচরণ নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। অরাজকতা ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগও শোনা গেছে। বিশ্লেষকদের মতে, এসব কারণ জামায়াতের ভোট বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তারা মনে করছেন, তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ও জনসংযোগ ধরে রাখা না গেলে ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ আরও বদলাতে পারে।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। জয়ের ব্যবধান ৪০ হাজার ৮৬৩ ভোট। নির্বাচিত হওয়ার পর জাহিদুর রহমান আওয়ামী লীগের কিছু ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, তিনটি আসন বিএনপির দখলে এলেও জামায়াতের এ ফলাফল ভবিষ্যতে আসন ভাগাভাগি ও স্থানীয় রাজনীতিতে দরকষাকষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :