নওগাঁ শহরে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার ১


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-১৯, ১০:০২ PM /
নওগাঁ শহরে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার ১

মোসফিকা আক্তার | নওগাঁ –

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নওগাঁ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁকে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ডিবি পুলিশের একটি টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছিল। বিকেল প্রায় ৫টার দিকে শহরের ব্যস্ত বাটার মোড় এলাকায় অবস্থানকালে একটি ছিনতাইয়ের ঘটনা তাদের নজরে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ভদ্রমহিলা তার মেয়েকে সঙ্গে নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ এক যুবক দ্রুত এগিয়ে এসে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। ঘটনাটি মুহূর্তেই আশপাশে আতঙ্ক সৃষ্টি করে এবং ভুক্তভোগী চিৎকার শুরু করলে ডিবি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে সক্রিয় হন।

তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ ধাওয়া চালিয়ে কিছু দূরেই অভিযুক্তকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় স্থানীয় লোকজনও পুলিশকে সহযোগিতা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করে।

আটককৃত ব্যক্তির নাম রাকিব (১৯)। তার পিতার নাম মিরাজ। সে বগুড়া জেলার আদমদিঘী থানার সান্তাহার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ছিনতাইকৃত চেইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কিছু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা ডিবি পুলিশের এমন তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে শহরের নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।