

আশিকুর রহমান সবুজ | গাজীপুর –
শ্রীপুর দীর্ঘদিন পর উন্নয়নের ছোঁয়া লাগায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতিশ্রুতি অনুযায়ী আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে ৪নং ওয়ার্ডের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
শনিবার (২৮ মার্চ) সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এই উন্নয়ন কাজের দৃশ্যমান যাত্রা শুরু হলে পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সরেজমিনে দেখা যায়, উন্নয়ন কাজ দেখতে শতবর্ষী বৃদ্ধ থেকে শুরু করে নারী-পুরুষ সবাই উদ্বোধনী স্থলে ভিড় জমান।
সকাল সাড়ে ৮টায় রশিদ মাস্টারের বাড়ির রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংসদ সদস্য। এরপর সড়কের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ই-জিপি (e-GP) টেন্ডারের মাধ্যমে ১১৮৬০৪৫ নম্বর কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইশা এন্টারপ্রাইজ। এই প্রকল্পের আওতায় ৪নং ওয়ার্ডের প্রায় ১২০০ মিটার রাস্তা আধুনিকায়ন ও প্রশস্তকরণ করা হবে। এছাড়া পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও উন্নয়ন কাজ চলমান থাকবে বলে জানানো হয়েছে।
শিল্পোন্নত ভাংনাহাটি গ্রামে দীর্ঘ প্রতিকূলতার পর উন্নয়নের কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা বলেন,
“জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রান্তিক পর্যায়ে সুফল পৌঁছাতে শুরু করেছে। রাস্তা উদ্বোধনের আগেই এই এলাকায় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ইনশাআল্লাহ, খুব দ্রুত সময়ের মধ্যে তৃণমূলের মানুষ এই উন্নয়নের সুফল ভোগ করবেন।”
আপনার মতামত লিখুন :