শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-২৮, ১১:২৮ PM /
শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

আশিকুর রহমান সবুজ,গাজীপুরঃ
‎ শ্রীপুর গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে হামলা, মারধর এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২৭শে মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মেহেদী হাসান রিফাত বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎​ অভিযোগপত্রে লোহাগাছ এলাকার বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন— মো. ছফুর উদ্দিন, মো. মেহেদী হাসান ছাহাদ, মো. মিয়ার উদ্দিন, মো. শামিম সরকার, মো. সিনহাদ, মো. সাব্বির মন্ডল, মো. জাহিদ হাসান জুলহাস এবং মো. মারুফ প্রধান। এছাড়া আরও অজ্ঞাতনামা ১০/১২ জনকে এই হামলায় অভিযুক্ত করা হয়েছে।
‎​
‎ অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগাছ এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে রিফাত প্রায় ৩ মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। বিবাদীরা দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ২৭শে মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিফাতের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে।

চাঁদা দিতে অস্বীকার করায় হামলাকারীরা রিফাতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলাকারীরা রিফাতের পকেট থেকে একটি স্মার্টফোন এবং নগদ ১৫,৭০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া বিবাদীরা বসতবাড়ির গেট ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন।

‎​ এ বিষয়ে অভিযুক্ত মো. ছফুর উদ্দিন বলেন, “আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্ব শত্রুতার জেরে আমাদের ফাঁসাতে তারা নিজেরা এসব ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।”

‎​ ভুক্তভোগী রিফাত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। ঘটনার পর বিবাদীরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শ্রীপুর মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।