২০ লাখ টাকা আত্মসাত! শিক্ষকদের বিস্ফোরক অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-০১, ৯:৪৪ AM /
২০ লাখ টাকা আত্মসাত! শিক্ষকদের বিস্ফোরক অভিযোগ

জনি পারভেজ | গুরুদাসপুর (নাটোর) –
গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের সাবেক সভাপতি ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর বিরুদ্ধে বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাতসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন কলেজের শিক্ষকরা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরা হয়। এসময় উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, আনোয়ার হোসেনসহ ২৫ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, কলেজের টিউশন ফি বাবদ ৪ লাখ ৯৯ হাজার টাকা, জেনারেল ফান্ডের ১ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা, স্থায়ী আমানতের ২ লাখ ২০ হাজার টাকা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহাবুব হোসেনের বেতন দেওয়ার নামে ৩ লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ।
তিনি আরও বলেন, শিক্ষক-কর্মচারীরা কলেজ ফান্ডের সব টাকা ফেরত চান।
কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, ‘চেকবইয়ে সভাপতি সই চাইলে চাকরি রক্ষার্থে আমি স্বাক্ষর করেছি। এছাড়া আমার করার কিছু ছিল না।’
অন্যদিকে অভিযুক্ত সাবেক সভাপতি ব্যারিস্টার রঞ্জু অভিযোগ অস্বীকার করে বলেন, উপাধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালতে দুটি মামলা চলমান থাকায় এবং তাকে প্রমোশন না দেওয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন।

তিনি দাবি করেন, কলেজের বিভিন্ন প্রোগ্রাম ও আনুষঙ্গিক খরচ ছাড়া কোনো অর্থ আত্মসাত হয়নি। তার ভাষ্য অনুযায়ী, কলেজ ফান্ডের ৬ লাখ টাকা এখনো ফান্ডেই রয়েছে এবং তার দায়িত্বকালে কোনো নিয়োগ বা অনিয়ম হয়নি।