

আশিকুর রহমান সবুজ | শ্রীপুর (গাজীপুর) –
গাজীপুরের শ্রীপুর মাওনা জোনাল অফিসের প্রশাসনিক ও সেবা কার্যক্রমে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনস্থ এই কার্যালয়টিতে বর্তমানে সাধারণ গ্রাহকরা কোনো প্রকার মধ্যস্থতাকারী বা হয়রানি ছাড়াই সরাসরি সেবা পাচ্ছেন।
দাপ্তরিক জটিলতা কমিয়ে গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-অপারেশন) প্রকৌশলী শান্তনু রায়।
সরেজমিনে দেখা যায়, গত ২৫ ফেব্রুয়ারি এই দপ্তরে যোগদানের পর থেকেই প্রকৌশলী শান্তনু রায় তাঁর দপ্তরের দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেকোনো অভিযোগ বা সমস্যার কথা নিয়ে আসা গ্রাহকরা সরাসরি তাঁর রুমে প্রবেশ করতে পারছেন এবং তৎক্ষণাৎ সমাধান পাচ্ছেন। অফিসের এই জনবান্ধব পরিবেশে খুশি স্থানীয় মানুষ।
সেবা নিতে আসা একাধিক গ্রাহক জানান, আগে অফিসের শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করা বা সমস্যার কথা বলা ছিল সময়সাপেক্ষ ও জটিল। অনেক ক্ষেত্রে দালালের শরণাপন্ন হতে হতো। কিন্তু বর্তমানে কোনো বাধা ছাড়াই সরাসরি ডিজিএম-এর সাথে কথা বলে প্রয়োজনীয় সমাধান পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে।
এ বিষয়ে প্রকৌশলী শান্তনু রায় বলেন, “পল্লী বিদ্যুৎ মূলত জনগণের প্রতিষ্ঠান। আমার মূল লক্ষ্য হলো গ্রাহকসেবাকে সহজ করা এবং বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনা। আমার দপ্তরের দরজা সব সময় খোলা। কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হন, সেটি আমি নিশ্চিত করতে চাই।”
তিনি আরও জানান, পেশাগত দক্ষতার মাধ্যমে এই অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন এবং শিল্প ও আবাসিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের টেকসই সমাধানে কাজ করছেন। প্রয়োজনে সরাসরি দপ্তরে যোগাযোগের আহ্বান জানান তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন সহজলভ্যতা ও আন্তরিকতা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তাঁদের প্রত্যাশা, এই জনবান্ধব কর্মপদ্ধতি অন্যান্য দপ্তরের জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত হবে।
আপনার মতামত লিখুন :