সীমান্তে কাঁচা সড়কে আটকা বিজিবির টহল যান


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২২, ২:৫১ PM /
সীমান্তে কাঁচা সড়কে আটকা বিজিবির টহল যান

মোঃ মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কাঁচা ও জরাজীর্ণ সড়কের কারণে টহল কার্যক্রমে চরম ভোগান্তিতে পড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

জেলার প্রায় ৩৭০ কিলোমিটার সীমান্ত সড়ক এখনো পাকা না হওয়ায় সীমান্ত নিরাপত্তা ও টহল কার্যক্রম পরিচালনায় সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত ফাঁড়ি (বিওপি) ক্যাম্পে যাওয়ার প্রায় ৬ কিলোমিটার সড়ক বর্তমানে খানাখন্দ ও কাদামাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হওয়ায় সীমান্ত টহল, চোরাচালান প্রতিরোধ এবং জরুরি অভিযানে দ্রুত পৌঁছাতে বিজিবি সদস্যদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকায় অবস্থিত বিওপিগুলোর সঙ্গে সংযোগকারী অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, বর্ষা মৌসুমে এ সড়ক দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিজিবির টহল যানবাহন চলাচলও কঠিন হয়ে যায়। তিনি বলেন, “দেশের সীমান্ত রক্ষায় যারা দায়িত্ব পালন করেন, তাদেরই যদি এমন ভোগান্তিতে পড়তে হয়, তা দুঃখজনক। দ্রুত সড়কটি পাকা করা প্রয়োজন।”

সড়ক উন্নয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস জানান, সীমান্ত সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার ৩৭০ কিলোমিটার কাঁচা সড়ক উন্নয়নের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং কৃষিপণ্য পরিবহন সহজ হবে।

৫০ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় এখনো অনেক কাঁচা সড়ক রয়েছে। ফলে টহল কার্যক্রমে নানা ধরনের সমস্যা হচ্ছে। সড়কগুলো পাকা করা হলে সীমান্ত নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি মন্তব্য করেন।