

নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনি মিয়া শেখ (৪৩) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি চর-জয়নগরে ফিরছিলেন মনি মিয়া শেখ। পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে শুক্রবার (২৪ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের মেয়ে বৈশাখী অভিযোগ করেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষের আনসার জমাদ্দার, মামুন জমাদ্দার, ইসরাফিল, সদর শেখ, সাদ্দামসহ কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :