

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আগাম আলু ও শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে আগাম ফসলের ভালো দাম পাওয়ার আশায় উপজেলার বিভিন্ন এলাকায় জমি প্রস্তুত, বীজ রোপণ, সেচ ও পরিচর্যার কাজ চলছে। অধিক মুনাফার প্রত্যাশায় অনেক কৃষক অন্যান্য ফসলের পরিবর্তে আগাম আলু ও শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাণীশংকৈলে ১২৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা এখনো চলমান রয়েছে। এরই মধ্যে ১৩১ হেক্টর জমিতে ফুলকপি এবং ৫১ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে কৃষকরা এসব ফসলের পরিচর্যা ও সেচকাজ চালিয়ে যাচ্ছেন।
উপজেলার ভালাপাড়া, ভরনিয়া, উমরাডাঙ্গী ও রাউৎনগর এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা আগাম আলুর বীজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি ফুলকপি ও বাঁধাকপির ক্ষেতেও চলছে সেচ ও পরিচর্যার কাজ।
কৃষকরা জানান, আগাম আলু ও শীতকালীন সবজি বাজারে তুলতে পারলে সাধারণ সময়ের তুলনায় ভালো দাম পাওয়া যায়। এতে উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও লাভের সম্ভাবনাও থাকে বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পাওয়ার আশা করছেন তারা।
ভালাপাড়ার কৃষক আব্দুল কুদ্দুশ বলেন, আলু ও শীতকালীন সবজি চাষে খরচ বাড়লেও বাজারে ভালো দাম পাওয়া গেলে সেই খরচ উঠে লাভ করা সম্ভব। তবে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, আগাম সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় নিয়মিত মাঠ পরিদর্শন এবং সঠিক মাত্রায় সার ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে রাণীশংকৈলে আগাম আলু ও শীতকালীন সবজির ভালো ফলন হবে। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে শীতকালীন সবজির সরবরাহও বাড়বে।
আপনার মতামত লিখুন :