কৃষ্ণনগরে খোকন মোল্লার উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-০৭, ৬:০০ PM / ০ Views
কৃষ্ণনগরে খোকন মোল্লার উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু

মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। সমাজসেবক আমিরুল ইসলাম খোকন মোল্লার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে চালু হওয়া এ সেবা বিশেষ করে অসচ্ছল রোগী, মুমূর্ষু ব্যক্তি ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে কাজে আসবে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় কৃষ্ণনগর ইউনিয়নের কিষান মজদূর ইউনাইটেড অ্যাকাডেমি হাইস্কুল মাঠে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন আমিরুল ইসলাম খোকন মোল্লা। উদ্বোধন শেষে স্থানীয়দের অংশগ্রহণে অ্যাম্বুলেন্স নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় তিনি পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্যোক্তা আমিরুল ইসলাম খোকন মোল্লা বলেন, কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দারা জরুরি প্রয়োজনে কোনো ভাড়া ছাড়াই এ অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। বিশেষ করে অসচ্ছল ও দরিদ্র রোগী, মুমূর্ষু ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, উপজেলা সদর থেকে কৃষ্ণনগর ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার এবং জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার। যোগাযোগ ও পরিবহন সংকটের কারণে জরুরি রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবাটি চালু করা হয়েছে।

খোকন মোল্লা আরও বলেন, মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষ্ণনগরকে আরও সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নিজের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। খোকন মোল্লা বলেন, ষড়যন্ত্র নয়, ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। কে বেশি মানুষের পাশে থাকতে পারে, সেই প্রতিযোগিতাই হওয়া উচিত। দিন শেষে জনগণই মূল্যায়ন করবে।

স্থানীয় বাসিন্দা আয়ুব আলী গাজী বলেন, উপজেলার অন্যতম দূরবর্তী এ ইউনিয়নে বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও চেয়ারম্যানরা দায়িত্ব পালন করলেও এমন জনহিতকর উদ্যোগ আগে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা হুমায়ূন, রাজু ও শেখ রাসেল বলেন, কৃষ্ণনগরের মানুষের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় দরিদ্র ও অসহায় মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সেবাটি ইউনিয়নবাসীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তারা আশা করেন।