

নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় সৈয়দ মাসুম বিল্লাহ (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটি সড়ক দুর্ঘটনা।
শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-নড়াইল সীমান্তের কাশিয়ানী এলাকায় মধুমতি সেতু থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় মাসুমকে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে দুপুর ২টার দিকে তিনি মারা যান।
মাসুম লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে। তিনি একটি জাহাজে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের শিমুল সরদারের মেয়ে সাথী খাতুনের সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সাথীর অন্যত্র বিয়ের খবর পেয়ে মাসুম কর্মস্থল ঢাকা থেকে বাড়ি ফেরেন। শুক্রবার সকালে লোহাগড়ার একটি বিউটি পার্লারে তাদের দেখা হয়। সেখানে সাথীর পরিবারের সদস্যরা মাসুমকে হুমকি দেন বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মধুমতি সেতু এলাকায় পাওয়া যায়।
মাসুমের পরিবারের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয় বরং সাথীর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে অভিযুক্তদের কেউই এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :