লালমনিরহাটে জরাজীর্ণ মাঠে প্রাণ ফেরাতে বিএনপির স্বেচ্ছাশ্রম কার্যক্রম


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০২, ২:৪৪ PM /
লালমনিরহাটে জরাজীর্ণ মাঠে প্রাণ ফেরাতে বিএনপির স্বেচ্ছাশ্রম কার্যক্রম

লালমনিরহাটে বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাটি কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার জরাজীর্ণ এমটি হোসেন ইনস্টিটিউটের খেলার মাঠ দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় মাঠটি মাটি ভরাটের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় বিএনপি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “জনগণের সুবিধা ও এলাকার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। রাজনৈতিক পরিচয় নয়, মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির নীতি।”

স্বেচ্ছাশ্রমে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকলে একসঙ্গে মাঠের মাটি কাটা ও ভরাট কাজ করেন।

নেতাকর্মীদের এমন উদ্যোগে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।