লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটা শ্রমিক নিহত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-০৫, ৭:১৪ AM /
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটা শ্রমিক নিহত

নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটার শ্রমিক মো. দাউদ গাজী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামে অবস্থিত আব্দুল মান্নানের আগুন ব্রিকস্ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার কমেলা সুন্দরী গ্রামের বাসিন্দা দাউদ গাজী তার ছেলে শাওন গাজীসহ আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে প্রায় চার মাস আগে ওই ইটভাটায় কাজ করতে আসেন। তারা দীর্ঘদিন ধরে সেখানে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
বুধবার সকাল প্রায় ১১টার দিকে ইটভাটার পানির পাম্প চালু করতে যান দাউদ গাজী। সে সময় তার শরীর ভেজা থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে স্থানীয়রা জানান। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় ইটভাটার শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মৃত দাউদ গাজী খুলনা জেলার পাইকগাছা থানার কমেলা সুন্দরী গ্রামের মৃত জুব্বা গাজীর ছেলে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।