বুড়িমারী স্থলবন্দর থেকে ট্রায়াল রান সফল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০২, ৩:৫৪ PM / ১৫
বুড়িমারী স্থলবন্দর থেকে ট্রায়াল রান সফল

সাফিউল ইসলাম সাফি | লালমনিরহাট

থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসা ভুটানের ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম ‘ট্রায়াল রান’ অবশেষে বুড়িমারী স্থলবন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। চারদিনের অপেক্ষার পর সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় ট্রাকটি ছাড়ে।

ভুটান এই পরীক্ষামূলক ট্রানজিট পণ্য পরিবহন শুরু করলেও প্রাথমিকভাবে জটিলতায় পড়েছিল। বুড়িমারী স্থলবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সমস্যার সমাধান হলে পণ্যটি নিরাপদে ভুটানে পৌঁছানো সম্ভব হয়।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের ২২ মার্চ স্বাক্ষরিত চুক্তি ও প্রটোকলের আওতায় এই ‘ট্রায়াল রান’ অনুষ্ঠিত হয়েছে। সফল পরিবহনের ফলে বুড়িমারী বন্দরে ব্যবসা ও শ্রমিকদের কাজে নতুন প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, চট্টগ্রাম বন্দর থেকে আসা কার্গো ট্রাকটি ভারতের অনুমতিতে জিরো পয়েন্ট অতিক্রম করেছে। ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের নাম না থাকায় প্রাথমিকভাবে জটিলতা সৃষ্টি হলেও পরে সমাধান হয়।