

সৈকত আহমেদ | বড়াইগ্রাম (নাটোর)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। শনিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে ৬.৩ টন ওজন এবং ১৪ টন মালামাল ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকটি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা।
বনপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কে টহল চলাকালীন সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী খালি ট্রাকটি সন্দেহভাজন মনে হলে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) জালাল উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স তা থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে মানিকপুরে ট্রাকটি ফেলে চালক ও সঙ্গীয় দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর ট্রাকটি (সিরাজগঞ্জ ট ১১-০০৭৮) জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
পরে জানা যায়, উদ্ধার হওয়ার দেড় ঘন্টা আগে রাত ৩টার দিকে শাহজাদপুরের সরিষাকোল বাজার থেকে ট্রাকটি চুরি করা হয়। ট্রাকের মালিক ওই এলাকার রাজিব সরকার। এই ঘটনায় আইন অনুযায়ী সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :