

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট, দিনাজপুর
দিনাজপুর-৬ সংসদীয় আসন (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) এখন নির্বাচনী উত্তাপে সরগরম হয়ে উঠছে। দফায় দফায় সভা-সমাবেশ, মিছিল, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটের মাঠে শক্ত অবস্থান নিচ্ছেন প্রার্থীরা। ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই গড়ে উঠছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম মো. জাহিদ হোসেন বলেন, চার উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে চরম বৈষম্যের শিকার হচ্ছে এলাকাবাসী।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম গণসংযোগ ও সভা-সমাবেশে বলেন, দিনাজপুর-৬ আসনের মানুষ দীর্ঘদিন ধরে সব খাতে অবহেলার শিকার। জনগণের সমর্থন পেলে সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, এ এলাকায় বহু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা অবহেলায় ধ্বংসের মুখে পড়ছে। এসব সংরক্ষণ ও উন্নয়নে তাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া জাতীয় পার্টির মো. রেজাউল হক (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক (হাতপাখা), বাসদের মো. আব্দুল হাকিম (মই) এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (ঘোড়া) নির্বাচনী মাঠে রয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং ট্রান্সজেন্ডার ১৩ জন। এখানে রয়েছে ৩টি পৌরসভা, ২৩টি ইউনিয়ন ও ১৯৯টি ভোটকেন্দ্র।
সব মিলিয়ে দিনাজপুর-৬ আসনে এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাকর হয়ে উঠছে।
আপনার মতামত লিখুন :