

আতিকুর রহমান। কুড়িগ্রাম প্রতিনিধি
রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং সব ধরনের অবৈধ চোরাচালান কার্যক্রম প্রতিহত করার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মোট ২৯ লাখ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, কসমেটিকস, ফলমূল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পেঁয়াজসহ অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও জানান, যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :