নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ!


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০১, ১০:৩৪ AM /
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ!

স্টাফ রিপোর্টার, ঢাকা
নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি মহল যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, বিএনপির জনপ্রিয়তা ও গণসমর্থনে ভীত হয়েই এসব অপপ্রচার চালানো হচ্ছে। জনগণের রায় বিএনপির পক্ষেই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুজব ও কুৎসার মাধ্যমে সেই গণরায়কে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরেন। কটুয়াখালী বাউলফলের ঘটনায় যুবদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্যে এর সত্যতা পাওয়া যায়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কুষ্টিয়ার আইলচারা ইউনিয়নের ঘটনায় জামায়াতে ইসলামীর প্রার্থী মিথ্যা অভিযোগ তুলে যুবদলের বিরুদ্ধে অপপ্রচার চালান। ভিডিও ফুটেজে কোনো হামলার প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি।
রাজবাড়ীতে নিহত শ্রমিকের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভুলভাবে যুবদল নেতা হিসেবে পরিচয় দেওয়া হয় বলে অভিযোগ করেন মুন্না। তিনি জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন আগেই যুবদল থেকে পদত্যাগ করেন।
ভোলা ও নারায়ণগঞ্জের ঘটনাতেও যুবদলের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাদের জড়িয়ে অপপ্রচার চালানো হয় বলে দাবি করেন তিনি।
শেষে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সাজানো নাটক ও মিথ্যা তথ্যের মাধ্যমে যুবদলকে টার্গেট করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ও রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।