পেয়ারা দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০১, ২:৫৬ PM /
পেয়ারা দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নে পেয়ারা দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় সমছেল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার বড় বদনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সমছেল মিয়া ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্তের স্ত্রী শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নেন। পরে সমছেল মিয়া শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন শনিবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমছেল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা জামাত আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবিব জানান, ভুক্তভোগীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।