

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে যৌথ বাহিনীর জোরালো মহড়া অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে সেনাবাহিনীর সাঁজোয়া যানসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পুরো উপজেলাজুড়ে টহল দিতে দেখা যায়।
মহড়ায় জানানো হয়, নির্বাচনের দিন কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
মহড়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা প্রতিহত, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন আটক ও জরুরি মুহূর্তে দ্রুত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগের দিকনির্দেশনা দেওয়া হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
আপনার মতামত লিখুন :