যৌতুক না পেয়ে গৃহবধূ গুমের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০২, ৩:৫৫ PM /
যৌতুক না পেয়ে গৃহবধূ গুমের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে যৌতুকের টাকা না পেয়ে সুমাইয়া জাহান (২০) নামে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর নিখোঁজ করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ গৃহবধূর পিতা মোমেন মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের মোমেন মিয়ার মেয়ে সুমাইয়া জাহানের সঙ্গে একই উপজেলার পাটকা গ্রামের মো. মহসিনের ছেলে সাদিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সাদিকুল ও তার পরিবারের সদস্যরা সুমাইয়ার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।

যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার সকালে সুমাইয়ার নানা মো. আ. খালেক তাকে দেখতে শ্বশুরবাড়িতে গেলে সুমাইয়াকে সেখানে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা অসংলগ্ন আচরণ করে এবং হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সুমাইয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ গৃহবধূর বাবা মোমেন মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যৌতুকের জন্য আমার মেয়েকে প্রায়ই নির্যাতন করা হতো। আজ মেয়েকে বাড়িতে না পেয়ে আমাদের সন্দেহ হচ্ছে, তারা তাকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে জীবিত উদ্ধারের আকুতি জানাচ্ছি।”

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গৃহবধূকে উদ্ধারে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।