পে-স্কেল দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৩, ৭:২৪ PM /
পে-স্কেল দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ

আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি |
বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে গত ১ ফেব্রুয়ারি রোববার থেকে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন সকাল ৯টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা তাদের ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চললেও এখনো পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার আলম মিয়া, আলী আহমেদ রাজ এবং কৃষি কর্মকর্তার কার্যালয়ের স্প্রে মেকানিক সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।