

মোঃ আকাশ উজ্জামান শেখ। রামপাল, বাগেরহাট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ছাত্রশিবির রামপাল উপজেলা শাখা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রামপাল উপজেলার মডেল মসজিদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আহমেদ আবদুল্লাহ। সভা সঞ্চালনা করেন জেলা মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাবেক থানা সভাপতি মোহাম্মদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির ও গণমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী, প্রেস ক্লাব রামপালের আহ্বায়ক মোঃ মোতাহের মল্লিক, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সুজন মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সভায় উপস্থিত সাংবাদিকরা ছাত্রশিবিরের এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :