মাওনায় মহাসড়ক দখলমুক্ত দাবিতে মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-০৩, ২:১৫ PM /
মাওনায় মহাসড়ক দখলমুক্ত দাবিতে মানববন্ধন

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজার ইজারার নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে এবং যানজটমুক্ত পরিকল্পিত নগরের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) সকাল ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ‘শ্রীপুর উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অস্থায়ী বাজার ইজারার অজুহাতে মহাসড়ক ও ফুটপাত দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে অফিস ও স্কুলের সময় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে বলে জানান তারা।
আন্দোলনকারীরা তাদের দাবিতে বলেন, অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল অবিলম্বে বন্ধ করতে হবে। পুরো এলাকাকে সিসি ক্যামেরা মনিটরিংয়ের আওতায় এনে নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে যানজটমুক্ত যাতায়াত ব্যবস্থা এবং সুপরিকল্পিত সড়ক ও নগরব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তারা।
বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থে মহাসড়ক দখল করে বাজার বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন এবং সতর্ক করেন যে, দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে শ্রীপুর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।