

মো. জুলহাস মিয়া, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জামালপুরের ৭টি উপজেলা, ৮টি পৌরসভা এবং ৬৮টি ইউনিয়নে মোট ২ লাখ ৬৬ হাজার ৮৯০ জন শিশুকে এই ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান করা হবে।
কর্মসূচির মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শতভাগ টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আপনার মতামত লিখুন :