চাকরির উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টায় ফিরল লাশ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-১৯, ২:৫৯ PM /
চাকরির উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টায় ফিরল লাশ

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট)-

বাগেরহাটের রামপালে চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আসিফ মুসাল্লি (২০) নামের এক যুবক। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার লাশ বাড়িতে ফেরে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় একটি চাকরিতে যোগদানের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে রওনা হন আসিফ। দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ২৫ জন আহত হন। নিহতদের মধ্যে ছিলেন আসিফ মুসাল্লি। তিনি রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাটালী গ্রামের কাদের মুসাল্লির একমাত্র ছেলে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক, হেলপার ও বাসের এক যাত্রী নিহত হন। আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।

আসিফের মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন।

নিউজ লেখা পর্যন্ত আসিফ মুসাল্লির নিজ বাড়িতে তার দাফনের প্রস্তুতি চলছিল।