

গাইবান্ধা প্রতিনিধি-
গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত একটি দ্রুতগামী যানের চাপায় আব্দুল বারী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সন্ধ্যায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের বটতলা বাজার (সাঁকোয়া সেতু) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী, স্থানীয়ভাবে বারী মণ্ডল নামে পরিচিত। তিনি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁকোয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ওই এলাকায় সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পর ওই পথ দিয়ে যাওয়া এক অটোরিকশাচালক তাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আব্দুল বারীকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :