নড়াইলে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-১০, ৩:০৩ PM /
নড়াইলে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত

খালিদ হোসেন ,নড়াইল-

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প, শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা।

অনুষ্ঠানে চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, খুলনা বিশ্ববিদ্যালয়, শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন ও স্মৃতি সংগ্রহশালার প্রতিনিধিসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

বরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। পরে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে তাঁকে সমাহিত করা হয়।