

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দাম্পত্য কলহ ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তুলা রাম (৩৯) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী কুমারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তুলা রাম বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় তুলা রাম পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে তিনি ফেসবুক লাইভে এসে নিজের ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চান। পরে গ্যাস ট্যাবলেট সেবন করেন। তবে ফেসবুক লাইভে আসার বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ছেড়ে চলে যাওয়ার কষ্ট ও মানসিক অভিমানের কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :