

সৈকত আহমেদ, বড়াইগ্রাম (নাটোর)-
নাটোরের বড়াইগ্রামে বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাস এলাকায় এ সংঘর্ষ হয়। এতে বিএনপির ৭ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আশঙ্কাজনক আহতরা হলেন—বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭), পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৫) এবং পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া গুরুতর আহত বিএনপি কর্মী আসলাম শেখকে (৫০) বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেল (৪৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে হোসেন আলী ফকিরসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া করেন। পরে দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ কয়েকজন বিএনপি নেতা-কর্মী বসে চা পান করছিলেন।
এ সময় প্রতিপক্ষের ৪০ থেকে ৪৫ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে সাতজন নেতা-কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
হামলার সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
ঘটনার পর বনপাড়া পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :